দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: বহুল আলোচিত সজিব হত্যা মামলায় আটক এক আসামির মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ।
সোমবার (১ জুন) দুপুরে পুটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ আটক আব্দুল আলিমকে নির্দোষ দাবি করে সদর থানার সামনে অবস্থান নেন এবং তার মুক্তির দাবিতে স্লোগান দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানা ঘেরাও কর্মসূচির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা থানার সামনে থেকে সরে গিয়ে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে আদালত চত্বরে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুষ্ঠু তদন্ত ছাড়াই পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও পুটাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমকে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, আব্দুল আলিম নির্দোষ এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
জানা গেছে, গত শনিবার (৩১ মে) গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় নাহিদ রহমান সজিব হোসেনকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরদিন রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুল আলিমকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, “আব্দুল আলিমকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী থানার সামনে এসে বিক্ষোভ করেন। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হলে তারা সেখান থেকে সরে যান।”
তিনি আরও বলেন, “সজিব হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।”
Leave a Reply